নোয়াখালীতে প্রকাশ্যে সড়কের ওপর এক ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রকাশ্যে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সুব্রত চন্দ্র দাশ (৪২)। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার চর জবলী গ্রামের পালোয়ান বাড়ির সামনে আট কপালিয়া-পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।

পুলিশ জানায়, নিহত সুব্রত চন্দ্র দাশ উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের চিরু রঞ্জন দাশের ছেলে। খবর পেয়ে চর জব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয় লোকজন জানান, সুব্রতর মোটরসাইকেল আট কপালিয়া-পরিষ্কার বাজার সড়কের পালোয়ান বাড়ির সামনে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় এলোপাতাড়ি কোপায় এবং গলা কেটে তাঁকে হত্যা করে সড়কের ওপর লাশ ফেলে পালিয়ে যায়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের ওপর অক্ষত অবস্থায় পড়ে থাকে। পরে আশপাশের মানুষজন থানায় খবর দেন।

জানতে চাইলে হত্যার ঘটনা নিশ্চিত করেন সুবর্ণচরের চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, নিহত ব্যক্তি তাঁর স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাচ্ছিলেন। তাঁর মোটরসাইকেলটিও সড়কে পড়ে আছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তাঁরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ