সুবর্ণচরে টিকার জন্য ভিড়,কক্ষের সামনে হট্টগোল

মুজাহিদুল ইসলাম ইসলাম সোহেল::


চলমান টিকাদান কর্মসুচীর আওতায় নোয়াখালীর সুবর্ণচরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার সংকট দেখা দিয়েছে। টিকার সংকটের খবরে অনেকের মধ্যে হাহাকার শুরু হয়ে যায় , ফলে টিকা নিতে এসে অনেকে টিকা না নিয়ে ফিরে গেছেন।

গতকাল মঙ্গলবার সকালে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,টিকা নিতে আসা মানুষের ভিড়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষের সামনে টিকা নিতে আসা মানুষের হট্টগোল। উদ্ভুত পরিস্থিতি সামলাতে চরজব্বার থানা পুলিশের একটি দল কমপ্লেক্স চত্ত্বরে কাজ করেন।


সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, টিকার ভায়াল ছিলো ১০৬টি ,প্রতি ভায়াল দুইজন করে ২১২জনকে টিকা দেয়ার পর টিকা শেষ হয়ে যায়। টিকা নিতে আসা লোকজন হাসপাতাল চত্ত্বরে হট্টগোল শুরু করে। এর পরে পুলিশের সহায়তায় হ্যান্ড মাইকে ঘোষণার পর কিছু মানুষ ফিরে গেলেও অনেককে গালমন্দ করতে দেখা গেছে। এদের কাউকেই এসএমএস কিংবা কোন বার্তা দেয়া হয়নি। তারা অনলাইনে রেজিস্ট্রেশন করেই টিকা নিতে এসেছেন।

সুত্র আরো জানায়, ১ম পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়েছে ১০ হাজার জনকে ,সিনোফার্মের টিকা দেয়া হয়েছে ১১ হাজার ২০০জনকে। এনিয়ে সুবর্ণচরে মোট টিকা নিয়েছেন ২১ হাজার ২০০জন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা আসে ৩ হাজার ২০০ ভায়াল আর গণটিকা কার্যক্রমের জন্য আসে ২হাজার ৪০০ ভায়াল । ইতোমধ্যে দ্বিতীয় পর্যায়ে কমপ্লেক্সে এসএমএস প্রাপ্ত ও ইউনিয়ন পর্যায়ে গণটিকার ১১ হাজার ২০জনকে সিনোফার্মের ১ম ডোজ দেয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে ১ম পর্যায়ে নেয়া অ্যাস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ দেয়া হবে।এরমধ্যে ২ হাজার ৫০০জন পাবেন অ্যাস্ট্রাজেনেকার টিকা।


জানতে চাইলে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শায়লা সুলতানা ঝুমা আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন ৩০০জনকে টিকা নেয়ার জন্য এসএমএস দেয়া হয়। সিনোফার্মের টিকা সংকট থাকায় এসএমএস দেয়া বন্ধ রয়েছে। আবার আসলে তারপর দেয়া হবে।

তিনি বলেন, অনেকেই টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে। টিকা সংকটের কথা বলাতে কক্ষের সামনে এসে হট্টগোল শুরু করে । পরে চরজব্বার থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ