অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তটিনী

প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রটে যায় অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে তিনি জানান তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই। বরং একটি নাটকের প্রচারণার জন্য সম্প্রতি তারা দুজন একই সময়ে ফেসবুকে একইরকম ছবি ও পোস্ট দেন। ফেসবুকে পোস্ট করা একই ধরনের ছবিতে দেখা যায়, বেশ রোমান্টিক দৃষ্টিতে অভিনেতার দিকে তাকিয়ে আছেন তটিনী।

আর ইয়াশ দূরের কিছু একটা দেখাচ্ছেন অভিনেত্রীকে। দুজনের পোস্টেই ক্যাপশনে লেখা ছিল, ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।’ তটিনীর কথায়, ‘আসলে এটা ইচ্ছাকৃত ছিল। আমরা একসঙ্গে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে কাজ করেছি। ওই নাটকের প্রচারণার জন্য একসঙ্গে পোস্ট করা হয়েছে ছবিটি।’ দুজনের একসঙ্গে এমন ছবি ও পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন।

সেসব অবশ্য উপভোগ করছেন তারা। কিন্তু প্রেম ও বিয়ের গুঞ্জনকে একদমই পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী। তার মতে, আমাদের এই সম্পর্ক শুধু অভিনয়ের সূত্রে। তটিনী বলেন, ‘আমরা প্রথমবার যখন একসঙ্গে কাজ শুরু করি, ওই সময় থেকে দর্শকরা আমাদের কাজগুলো ব্যাপক পছন্দ করতে থাকেন। তখনও দর্শকরা আমাদের নিয়ে নানা কথা বলতেন। শুরুতে কিছুটা ভ্যাবাচেকা খেতাম। তখন মনে হতো, আসলে এসব ব্যাপারে কী বলব, কী ব্যাখ্যা দেব- তা ভেবে পেতাম না।

কেননা, দর্শকদের বোঝানো তো সহজ নয়।’ তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দর্শকরা তাদের নিয়ে কথা বলেন, প্রশংসা করেন- এটাকে ইতিবাচকভাবেই দেখেন এই অভিনেত্রী। তটিনী বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে একসঙ্গে এত কাজ করি, অভিনয়ের মাধ্যমেই আমাদের সংযোগ হয়ে গেছে। আমাকে অভিনয়ে খুবই হেল্প করেন ভাইয়া। আর আমিও জুনিয়র হিসেবে ভাইয়াকে সেই জায়গা থেকে যথেষ্ট সম্মান করি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ