চরবাসীর সম্মিলিত উদ্যোগে তৈরি হচ্ছে রাস্তা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের একটি এলাকা চর কৃষ্ণপুর। শিক্ষা-চিকিৎসা-ব্যবসাসহ যে কোনো প্রয়োজনেই উপজেলা শহর নাগেশ্বরীই কেবল নয় পাশের কুমুদপুর বাজারে যাতায়াতে শুকনো মৌসুমে এই চর কৃষ্ণপুরবাসীর হাঁটার বিকল্প নেই। আবার অসময়ের বন্যা-বৃষ্টিতে হাঁটার সেই রাস্তাটুকু তলিয়ে থাকে বছরের বড় একটি সময়। একটি উঁচু সড়কের  অভাবে চরম দুর্ভোগে কাটাতে হয় সারা বছর।

স্থানীয় কর্তৃপক্ষের কাছে বার বার দাবি পূরণ হয়নি। বহু বছর অপেক্ষার পর স্থানীয়রাই উদ্যোগ নেয় সড়কটি তৈরির। চর কৃষ্ণপুর গ্রামের অধিবাসীরা জানায় এ রকম দীর্ঘ একটি রাস্তা তৈরি করতে তাদের বহু টাকা লাগবে। তার পরও তারা  নেমে পড়েছে নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে। মনোবল আর শ্রমকে পুঁজি করে ঐক্যবদ্ধ হয়ে ইতোমধ্যে গ্রামবাসী দীর্ঘ এই রাস্তার অনেকাংশের কাজ করে ফেলেছে। এ জন্য তৈরি করা হয়েছে রাস্তা নির্মাণ কমিটি। এই কমিটিই আস্থার সঙ্গে তত্ত্বাবধান করছে কাজটি। কমিটির সদস্যদের মাঝে বিভিন্ন স্তরে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। সদস্যের কেউ টাকা তুলছেন আবার কেউ কাজ করছে শ্রম দিয়ে। সড়কটি তৈরি হলে বহুমুখী সুবিধা পাবে এলাকাবাসী।

বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এসএম আব্দুর রাজ্জাক জানান, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি তৈরিতে ইউনিয়ন পরিষদের পক্ষে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তাই চরের বাসিন্দাদের জোটবদ্ধ হয়ে কাজটি শুরু করার পরামর্শ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছি। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, চর কৃষ্ণপুরবাসী সম্মিলিতভাবে  উদ্যোগ নিয়ে একটি সড়ক নির্মাণ করছেন। এটি প্রশংসনীয় কাজ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ