অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

ঈদে আসবে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, এটা গত বছরই জেনে গিয়েছিল শাকিব খানের ভক্তরা। পূর্বঘোষণার মতোই এগোচ্ছিলেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’-এর টিজার, গান, পোস্টার—সবই প্রকাশ করেছিলেন। এরই মধ্যে খবর, ঈদে অনিশ্চিত ‘বরবাদ’।

ঈদের বাকি এক সপ্তাহ, এখনো সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি ছবিটি। বিদেশি শিল্পী-কলাকুশলী নিয়ে শুটিং করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি এখনো। অনুমোদন না পাওয়ায় সার্টিফিকেশন বোর্ডেও জমা দিতে পারছেন না ‘বরবাদ’ প্রযোজক। ছবিটি ঘিরে যে আলোড়ন উঠেছিল শাকিব ভক্তদের মাঝে, সেই উত্তেজনায় রীতিমতো ভাটা পড়েছে।

ঈদের ছবির দৌড় থেকে আলোচিত নামটি ছিটকে গেলে সুবিধা পাবে অন্য ছবিগুলো। ছবির দৌড়ে শামিল হবে শাকিব অভিনীত অপর ছবি ‘অন্তরাত্মা’। এদিকে সব গুঞ্জন পাশ কাটিয়ে আজ থেকে রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর শুটিংয়ে নেমেছেন শাকিব খান। লিখেছেন সুদীপ কুমার দীপ।

আশাবাদী বরবাদ নির্মাতা
শাকিব খানের ছবি ছাড়া গত দুই দশকে কোনো ঈদ হয়েছে কি না সন্দেহ! এবারও দর্শক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ‘বরবাদ’ দেখতে। টিজার, গান, পোস্টারে দর্শকের আগ্রহও বেড়েছিল। সেই অপেক্ষা কি অপেক্ষাই থেকে যাবে?

‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, “আমরা বলছি না, ঈদে ছবি মুক্তি দেব না। এই মুহূর্তে ‘বরবাদ’ মন্ত্রণালয়ে অনুমতির অপেক্ষায়। আশা করছি, আজ (সোমবার) অনুমতি পাব।

পেলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন বোর্ডে জমা দেব। হতাশ হওয়ার কিছু নেই। ঈদের ছবি নিয়ে অতীতে সেন্সর বোর্ডে (বর্তমান সার্টিফিকেশন বোর্ড) বিশেষ শো অনুষ্ঠিত হওয়ার রেকর্ড আছে। আমার বিশ্বাস, বৃহস্পতিবারের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। ‘বরবাদ’ ঈদেই আসবে।”

চেষ্টা করছেন প্রযোজক

পরিচালক অনুরোধ করেছেন ‘বরবাদ’ মুক্তির বিষয় নিয়ে ছবিটির প্রযোজক শাহরীন আক্তার সুমীর সঙ্গেও কথা বলতে। শাহরীন আছেন মালয়েশিয়া। মুঠোফোনে তিনি বলেন, ‘আমরা সবাই সবার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি ছবিটি ঈদে মুক্তি দেওয়ার। আমাদের চেষ্টা অব্যাহত আছে। দর্শকের দুশ্চিন্তা না করার অনুরোধ করছি। আমরা ঈদেই আসব, এই বিশ্বাস আছে।

সমিতি কার্যকর থাকলে এই প্রযোজকের পাশে দাঁড়াতাম

‘বরবাদ’ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, চলচ্চিত্র প্রযোজক সমিতি কার্যকর থাকলে তা এতক্ষণে নিরসন হয়ে যেত, এমনটা মনে করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম। গতকাল তিনি বলেন, ‘আমরা এখন অকার্যকর। একজন প্রশাসকের মাধ্যমেই সমিতির কার্যক্রম চলছে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব। প্রযোজকদের হাতে সমিতি থাকলে আমরা অবশ্যই ‘বরবাদ’ প্রযোজকের পাশে দাঁড়াতাম। এই যে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তিনি বিপদে পড়েছেন, এটা তো ঠিক না। যতদূর জেনেছি, তাঁরা বিদেশি কলাকুশলী ও শিল্পীর অনুমতি নেননি বলেই এই জটিলতা। হতে পারে সময়ের অভাবে তিনি সেটা নিতে পারেননি। এখন ছবি মুক্তির আগে তো অনুমতি চেয়েছেন। তাহলে সমস্যা কোথায়! এমন তো না, নিয়ম অনুযায়ী তিনি সরকারকে শুল্ক দেবেন না। আমার মনে হয় প্রযোজক সমিতির প্রশাসকের পদক্ষেপ নেওয়া উচিত।’

বরবাদ না এলে জংলি ও দাগি হল ভাগ করে নেবে

এদিকে ‘বরবাদ’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন বুকিং এজেন্টরা। সারা দেশে ১০টির বেশি হল বুকিং করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি গতকাল বলেন, “ঈদে শাকিব খানের ছবি মুক্তি পেলে হল মালিকরা সেদিকেই আগ্রহ দেখান। আমরাও চেষ্টা করি ছবিটি বুকিং করার। এবারও আমরা ‘বরবাদ’-এর দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ শুনতে পাচ্ছি ছবিটির মুক্তি পাওয়া নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। যদিও এখনো এক সপ্তাহ সময় আছে। প্রযোজক যদি ছবিটি মুক্তি দিতে পারেন তাহলে বেশি হল শাকিবের দখলেই থাকবে। নইলে ‘জংলি’ ও ‘দাগি’ ছবি দুটি হল ভাগ করে নেবে। হল মালিকরা তো আর বসে থাকবেন না।”

বরবাদ না এলে অন্তরাত্মা
শোনা যাচ্ছে, ‘বরবাদ’ ঈদে না এলে মুক্তি পেতে পারে ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এই কথার সত্যতা পাওয়া গেল। কারণ চার বছর আগের ছবিটি হঠাৎ বৃহস্পতিবারে জমা পড়েছে সার্টিফিকেশন বোর্ডে। এই ছবিতেও অভিনয় করেছেন শাকিব খান। ২০২১ সালে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছিল। গতকাল বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও নির্মাতা জাহিদ হোসেন জানান, বোর্ড সদস্যরা ‘অন্তরাত্মা’ দেখছেন। জাহিদ বলেন, “হঠাৎ করেই আমাদের শো পড়েছে। এসে শুনলাম ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ দেখতে হবে। এখন দেখছি। যতদূর জানলাম, ছবিটি ঈদেই মুক্তি পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে বলতে পারব। এখন ছবি দেখছি।”

রাত ৮টায় জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁরা ‘অন্তরাত্মা’ দেখেছেন এবং সবাই পছন্দ করেছেন। সার্টিফিকেট পেতে কোনো সমস্যা নেই ছবিটির।
‘অন্তরাত্মা’ ঈদে কি সত্যিই মুক্তি পাবে? সুমন বলেন, “এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। যদি ‘বরবাদ’ না আসে তাহলে আমার ছবিটি মুক্তি পাবে। তবে সেটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অবশ্য শাকিব খান ছাড়া তো ঈদ হতে পারে না। তাই একটা না একটা ছবি তাঁর আসবেই।”

শাকিব করছেন তাণ্ডব

‘বরবাদ’ মুক্তির অনিশ্চয়তা নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আফসোস করছেন ভক্তরা। এদিকে শাকিব খান চুপ! আজ থেকে অভিনেতা করবেন রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর শুটিং। এই নির্মাতা-অভিনেতা জুটির প্রথম ছবি ‘তুফান’ গত বছর কোরবানির ঈদে দারুণ ব্যবসা করেছিল। ‘তাণ্ডব’-এর শুটিং হচ্ছে ঢাকাতেই। গতকাল বিকালে রাফী বলেন, ‘আগের ছবির চেয়ে এই ছবির পরিসর আরো বড়। ঢাকায় প্রথম লটের শুটিং শুরু হবে কাল। চলবে ঈদের আগ পর্যন্ত। ঈদের ছুটি কাটিয়ে ফের শুটিং করব।’ ‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের সঙ্গে ফের জয়া আহসানের অভিনয় করার কথা। তবে এ বিষয়ে রাফী এখনই কিছু বলতে নারাজ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ