নোয়াখালীর আলোচিত ধর্ষণ মামলার রায় আজ

নোয়াখালী প্রতিনিধি::


বহুল আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বিবস্ত্রকরে গৃহবধূকে ধর্ষণ মামলার রায় আজ সোমবার ঘোষণা করবেন আদালত। এ রায় ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. শাহ আলম।

আসামিরা হচ্ছেন— দেলোয়ার হোসেন দেলু (২৬), জামাল উদ্দিন প্রকাশ প্রবাসী জামাল (৫২), নূর হোসেন বাদল (২২), আব্দুর রহিম (২০), মোহম্মদ আলী প্রকাশ আবুল কালাম (২৩), সামছুদ্দিন সুমন প্রকাশ কন্ট্রাক্টর সুমন (৩২), ইস্রাফিল হোসেন মিয়া (২১), মাইন উদ্দিন সাজু (২১), নূর হোসেন রাসেল (২৯), আনোয়ার হোসেন সোহাগ (২৪), আব্দুর রব চৌধুরী প্রকাশ লম্বা চৌধুরী (৫০), মোস্তাফিজুর রহমান প্রকাশ আরিফ (১৯), মিজানুর রহমান প্রকাশ তারেক (২০), মোয়াজ্জেম হোসেন সোহাগ প্রকাশ সোহাগ (৪৫)।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে দুই আসামী দেলোয়ার হোসেন দেলু ও মোহাম্মদ আলী ওরফে আবু কালামের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—১ এর বিজ্ঞ বিচারক জয়নাল আবেদিন মামলাটির রায় দেবেন।

গত ১৭ই ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। পরে গত ১৮ আগস্ট আসামিদের উপস্থিতিতে বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মামুনুর রশিদ লাবলু। বাদী পক্ষে ছিলেন আইনজীবী মোল্লা হাবিবুর রসুল মামুন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জসিম উদ্দিন বাদল।

সূত্র আরও জানায়, গৃৃহবধূ ধর্ষণের ঘটনায় গত ২০২০ সালের ৬ অক্টোবর নির্যাতিতা ওই নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন ও আবু কালামকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মামুনুর রশিদ লাবলু বলেন, ‘আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলাটিতে আমরা বিজ্ঞ আদালতে সাক্ষী উপস্থাপন, জেরা ও জবানবন্দি সঠিকভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন ও আসামি পক্ষে ৩ জন সাফাই সাক্ষী দেন। আমরা আশা করি, বিজ্ঞ আদালত দুই আসামি দেলোয়ার হোসেন দেলু ও মোহাম্মদ আলী ওরফে আবু কালামকে সর্বোচ্চ শাস্তি দেবেন।’

আসামি পক্ষের আইনজীবী জসিম উদ্দিন বাদল বলেন,বিজ্ঞ আদালত আসামীদের কথা নিশ্চয় বিবেচনা করবেন।

উল্লেখ,এর আগে ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাঁদের ঘরে ঢোকেন। বিষয়টি দেখতে পান স্থানীয় ‘মাদক ব্যবসায়ী’ ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলু। রাত ১০টার দিকে দেলোয়ারের লোকজন ওই নারীর ঘরে প্রবেশ করে পুরুষের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে ও তাঁদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এর আগে ওই গৃহবধূর ঘরে ও বিভিন্ন স্থানে নিয়ে দেলোয়ার তাঁকে একাধিকবার ধর্ষণ করে। ওই বছরের ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ