আসন্ন ঈদুল আজহা: দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীসেবার অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীরা এখন ২৯ মে এবং তার পরের দিনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনালে চলছে এই টিকিট বিক্রি কার্যক্রম। যাত্রীদের সুবিধার্থে অনলাইন এবং সরাসরি কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, “যাত্রীদের সুবিধা বিবেচনায় আমরা ১৬ মে থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে জন্য পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ীই ভাড়া নেওয়া হবে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

প্রতিবারের মতো এবছরও ঈদে ঘরমুখো মানুষের সুনামি প্রত্যাশিত। ফলে আগেভাগেই টিকিট সংগ্রহ করতে যাত্রীদের বাসস্ট্যান্ডে ভিড় করতে দেখা গেছে। পরিবহন কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতেই এ আগাম ব্যবস্থা।


Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ