“রেললাইনে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানলেন যুবক”
রাজবাড়ী প্রতিনিধি | ১৬ মে ২০২৫, শুক্রবার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত মাসুদ মোল্লা ওই গ্রামের বাসিন্দা জিমউদ্দিন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মাসুদ মোল্লা নিজ বাড়ির সামনের রেললাইনে দাঁড়িয়ে আত্মহত্যার পথ বেছে নেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি হঠাৎ ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ছুটে আসেন। বিষয়টি জানানো হলে রাজবাড়ী জিআরপি থানা থেকে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
এই মর্মান্তিক ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



Post Comment