নাটক নির্মাণে এক যুগ, তবু আলোহীন ‘সুবর্ণ নাট্যদল’

মুজাহিদুল ইসলাম সোহেল, সুবর্ণচর (নোয়াখালী):


নোয়াখালীর সুবর্ণচরে ২০১২ সাল থেকে নাটক নির্মাণ করে আসছে ‘সুবর্ণ নাট্যদল’। এক যুগের বেশি সময় ধরে শতাধিক নাটক নির্মাণ করলেও এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি দলটি। সরকারি বা বেসরকারি পর্যায় থেকে কোনো ধরনের সহায়তা পায়নি বলেও অভিযোগ তাদের।নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে তাদের নাটকগুলো।

দলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জিসান রহমান বলেন, “দীর্ঘ সময় ধরে আমরা নাটক নির্মাণ করে চলেছি শুধুমাত্র ভালোবাসা থেকে। তবু কোনো সহযোগিতা পাইনি। এমনকি স্থানীয় প্রশাসনও আমাদের পাশে দাঁড়ায়নি। অথচ পুরো সুবর্ণচরে আমাদের ছাড়া আর কোনো নাট্যদল নেই।”

দলের নিয়মিত শিল্পীর সংখ্যা ১০ থেকে ১২ জন। এদের মধ্যে শিশু শিল্পী জান্নাতুল মারিয়া বলেন, “নাটকে অভিনয় করতে আমার খুব ভালো লাগে। কিন্তু সুযোগ ও সহযোগিতা কম থাকায় আমরা অনেক সময় নিরুৎসাহিত হই।”

স্থানীয় সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, “সুবর্ণচরে সাংস্কৃতিক অঙ্গনের যে সম্ভাবনা রয়েছে, তা বাস্তবে রূপ দিতে ‘সুবর্ণ নাট্যদল’-এর মতো সংগঠনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া দরকার। সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, “সংস্কৃতি বিকাশে প্রশাসন সবসময়ই সহায়ক। নাট্যদলের পক্ষ থেকে যদি কোনো লিখিত প্রস্তাব আসে, তা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।”

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কর্মরত এই নাট্যদল এখনো আশায় বুক বেঁধে আছে—প্রশাসন ও সমাজের সহযোগিতায় তারা হয়তো একদিন আলোর মুখ দেখবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ