সুবর্ণচরে ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:
বন্যা পরবর্তী কৃষি পূর্ণবাসনের লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা এবং কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে।
বুধবার দুপুরে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমানিটি (কেএফএইচ) এবং এগ্রি স্টুডেন্টস এলায়েন্স বিডি এর যৌথ আয়োজনে ঢাকা ব্যাংকের সহযোগিতায় ১০০ জন কৃষককে ধানী গোল্ড ও বিনা-১৭ জাতের ধানের চারা বিতরণ করা হয়।
এসময় প্রতি কৃষককে ১ বিঘা জমিতে চাষের উপযোগী চারা এবং ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি সার ও প্রয়োজনীয় কীটনাশক দেয়া হয়েছে।
এগ্রি স্টুডেন্টস এলায়েন্স বিডি’র আহ্বায়ক আশিকুর রহমান বলেন, বন্যার কারণে কৃষি জমিতে যথাসময়ে রোপণের জন্য ও ধানের চারা উৎপাদনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সাথে নিয়ে কৃষকদের সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছেন । ধান চাষের মৌসুম অনুযায়ী উপযুক্ত জাতের বীজের স্বল্পতাসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত ধানের চারা দিতে না পারলেও অন্যান্য ফসলের বীজ ও চারা সরবরাহ করে হবে।
কেএফএইচ এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ সামছুল ইসলাম জানান, কৃষি তথা কৃষকের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যক্রম গ্রহণের পরিকল্পনার কথা জানান।
বন্যার কারণে বীজতলায় পানি থাকায় কৃষকগণ যথাসময়ে বীজতলা প্রস্তুত করতে পারেনি। তিন থেকে চার বার ধান বপণ করলেও তা বৃষ্টিতে নষ্ট হয়েছে।
এ অনুষ্ঠান আয়োজনসহ কৃষক নির্বাচন করেছে সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ ।



Post Comment