দীর্ঘ ৩৮ বছর চাকরি জীবনের শেষ কর্মদিবসে পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায়

মুজাহিদুল ইসলাম সোহেল :


দীর্ঘ ৩৮ বছর চাকরি জীবনের শেষ কর্মদিবসে মোহাম্মদ মনসুর আহমেদ নামের এক পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায়ের আয়োজন করলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাশ। সম্মানের সাথে এই পুলিশ সদস্যের বিদায়ের আয়োজন দেখে সকল পুলিশের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।তার অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করে চরজব্বার থানা ও চরজব্বার ফাঁড়ির পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ের সময় পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবল মোহাম্মদ মনসুর আহমেদ ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। শুধু তাই নয়, সুসজ্জিত গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়।এ সময় আবেগে আপ্লুত হয়েছিলেন উপস্থিত সকল পুলিশ সদস্য। বিদায়ী কনস্টেবলের বাড়ি সদর উপজেলার পাক কিশোরগঞ্জ গ্রাম।

বৃহস্পতিবার বিকেলে চরজব্বার থানায় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয়দাশ, চরজব্বার ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের উপপরিদর্শক মোঃ মনির হোসেন, নার্গিস আক্তার, রিয়াজ উদ্দিন, মোঃ নুরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোঃ মনির,সুমনসহ অন্যন্যা সদস্যরা।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, আমি চরজব্বার থানাতে আসার পর এই প্রথম থানা থেকে কোনো কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। তিনি বলেন, মোহাম্মদ মনসুর আহমেদ একজন চৌকস কনস্টেবল ছিলেন। চরজব্বার থানাধীন চরজব্বার ফাঁড়িতে দায়িত্ব নেওয়ার পর তাকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি।

বিদায়ী পুলিশ কনস্টেবল মোহাম্মদ মনসুর আহমেদকে বাড়ী পৌঁছে দেয়ার জন্য ফুল দিয়ে গাড়ী সাজানো হয়। তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। সহকর্মীরা হাতে তুলে দেন বিভিন্ন উপহার। চাকুরী জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে আপ্লুত মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, আমার চাকরী জীবনের শ্রেষ্ঠ পাওনা। জীবনের ৩৮ টা বছর দেশের নানা জায়গায় কাজ করেছি। বিদায় বেলায় ওসি স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে। পরে ফুল দিয়ে সাজানো গাড়ী করে দেবিদ্বার নিজ গ্রামে পৌছে দেয়া হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ