ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে তারেক রহমান

ফেনী প্রতিনিধি

মানা করা সত্ত্বেও ভোট দিতে যাওয়ায় গৃহবধূ জোহরাকে তালাক দেন তার স্বামী ইসমাইল হোসেন কাউসার। এবার সেই নারীর পাশে দাঁড়ালেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। তারই নির্দেশে সেই গৃহবধূর পাশে দাঁড়ান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল।

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা গ্রাম এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার বিকালে জোহরার খোঁজ নিতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটি জহুরার বাড়ি পরিদর্শন করেন। তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মিথুন বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’

জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তালাকের বিষয়টি শরিয়তসম্মত কিনা তা যাচাই প্রক্রিয়াধীন। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

সহায়তা প্রদানের সময় সেখানে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য মোজাম্মেল হোসেন আরিফ, আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতারা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ