নির্মাতা জিসান রহমানের পিতা স্ট্রোক করে হাসপাতালে, বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন

নোয়াখালী প্রতিনিধি:

জনপ্রিয় নাট্যনির্মাতা ও “সুবর্ণ নাট্যদল” এর প্রতিষ্ঠাতা জিসান রহমানের পিতা স্ট্রোক করে গত ৫ দিন ধরে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ঈদের আগের দিন হঠাৎ করে তার পিতা বুকে ব্যথা অনুভব করেন। পরিবার প্রথমে এটিকে সাধারণ ব্যথা বলে মনে করলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ জুন তাকে নোয়াখালীর চিকিৎসক করিমুল হক সিরাজীর পরামর্শে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ প্রসঙ্গে নির্মাতা জিসান রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এর পেজে এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন:

“আমার পৃথিবী যেন থমকে গেছে।
আমার প্রিয় বাবা—আমার আশ্রয়, আমার ভরসা, আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা—হঠাৎ করে স্ট্রোক করে গত ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের প্রতিটি মুহূর্ত যেন কাঁটার মতো বিঁধছে। বাবার চোখের অবস্থা, নিঃশব্দ শ্বাস, নিস্তেজ শরীর—সবকিছুই মেনে নেওয়া কষ্টের।
তবু বাবার শেখানো শক্ত থাকার মন্ত্রই এখন ভরসা।
জীবনে অনেক কিছুর জন্য দোয়া চেয়েছি, আজ সবচেয়ে বেশি প্রয়োজন আমার বাবার জন্য আপনাদের দোয়া।
যে হাতটা ধরে আমি হাঁটতে শিখেছি, সেই হাতটা যেন আবার শক্ত হয়ে উঠে।”

জিসান রহমান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “আমার বাবা শুধু আমার নয়, আমাদের পুরো পরিবারের চালিকাশক্তি। তার হাসিমুখ, প্রেরণাদায়ী কথা, আর ভালোবাসা আমাদের বেঁচে থাকার প্রেরণা। আমি সবার কাছে আমার বাবার সুস্থতার জন্য দোয়া চাইছি।”

প্রসঙ্গত, নির্মাতা জিসান রহমান দীর্ঘ এক যুগ ধরে নাট্য জগতে কাজ করে আসছেন। তার নির্মিত নাটক ও শর্টফিল্ম ইতোমধ্যে প্রশংসিত হয়েছে দেশজুড়ে।

সন্তানের এমন আবেগময় আবেদন ও বাবার জন্য দোয়ার আকুতি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।


 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ