নোয়াখালীতে দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ (৬০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে আহতের বড় ছেলে এ্যাডভোকেট মোরশেদ আলম বাদি হয়ে তিন যুবকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে চরজব্বার থানায় মামলাটি করেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
বশির আহমেদ উপজেলার চরজব্বার ইউনিয়নের চেরামত আলী দফাদার বাড়ির মৃত ইমান আলীর ছেলে। তিনি চরজব্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
মামলার ভাষ্যমতে, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় হারিছ চৌধুরীর বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বশির আহমেদ। চরজব্বার ইউনিয়নের ছাতা মার্কেট-ডাক্তার মসজিদ সমাজ সড়ক হয়ে বাড়ির কাছাকাছি এলে মোটরসাইকেলে ৫ জন দুর্বৃত্ত এসে পেছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে অজ্ঞান হয়ে তিনি সড়কে পড়ে থাকেন। একই সড়কে বাড়ি ফেরার পথে বাদি তাঁর বাবাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।’
বর্তমানে বশির আহমেদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বাদি মোরশেদ আলম।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী বলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য বশির আহমেদের উপর হামলার ঘটনায় রবিবার সন্ধ্যায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। তিনি দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আহত আওয়ামীলীগ নেতার উপর হামলার ঘটনায় আহতের বড় ছেলে বাদি হয়ে রিজভী, ফয়সাল ও সাকিব নামে তিন যুবকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে পূর্ব পরিকল্পিতভাবে গতিরোধ করে হত্যা চেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন। দোষীদের গ্রেফতারে পুলিশের বিশেষ দল মাঠে কাজ করছে।



Post Comment