প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মাহবুবুর রহমানকে সপরিবারে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী::


নোয়াখালীতে সাংবাদিক মাহবুবুর রহমানকে অজ্ঞাত পরিচয়ে মোবাইল ফোনে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ সময় ফোন করা ওই ব্যক্তি সাংবাদিক মাহবুবকে অকথ্য ভাষায় গালাগালিও করেন। মাহবুব দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে নোয়াখালীতে কর্মরত।

বুধবার দুপুর ২টার দিকে জজকোর্টের সামনে আছেন, এমন তথ্য দিয়ে মাহবুবকে কল করেন অজ্ঞাত ব্যক্তি। একাধিকবার ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি ফোনকল কেটে দেন।

ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক মাহবুব। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত চিহিৃত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

এ বিষয়ে সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, তিনি নিজের অফিসে কাজ করছিলেন। দুপুর ২টা ২মিনিটের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে আরেকটি মোবাইল ফোন নাম্বার (০১৭৫৮-****০৪) থেকে কল আসে। কলটি রিসিভ করার পর তিনি কিছু বুঝে ওঠার আগেই মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন।

অজ্ঞাত ব্যক্তি ফোনে মাহবুবকে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বাঁচাবে এবং দেখবেন কতদিন বাঁচাতে পারবে, এই বলে হুমকি দিতে থাকেন।

এসময় হুমকিদাতা জজকোর্টের সামনে অবস্থান করছেন দাবি করে তাকে (মাহবুব) সেখানে যেতে বলেন। এরপর মাহবুব একাধিকবার ফোন করা ব্যক্তির নাম-পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সপরিবারে মাহবুবকে হত্যার হুমকি দেন। এর একপর্যায়ে ফোন কলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ