প্রযুক্তি খাতে সংস্কারের দাবি প্রযুক্তি উদ্যোক্তাদের
দেশের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের দাবি করে ২০টি পরামর্শ দিয়েছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা। এগুলোর মধ্যে একই ধরনের সেবার জন্য বিভিন্ন লাইসেন্সের বদলে সমন্বিত লাইসেন্স প্রদান, মোবাইল কল রেট সিলিং উঠিয়ে নেওয়া, তথ্য সুরক্ষায় ‘ডাটা ইনফ্রাস্ট্রাকচার’ গঠন, আইওটি ডিভাইসের ওপর শুল্ক প্রত্যাহারের মতো পরামর্শ অন্যতম।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এসব পরামর্শ তুলে ধরেন তারা।
প্রযুক্তিভিত্তিক থিঙ্ক ট্যাংক টিপাপ (টেক ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম)-এর উদ্যোগে ‘বৈষম্যহীন উন্নয়নে প্রযুক্তির ব্যবহার : নতুন করে যাত্রা’ শীর্ষক ওই আলোচনা সভায় শতাধিক প্রযুক্তি উদ্যোক্তা ও বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (বিটিআরসি) নবনিযুক্ত কমিশনার মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। টিপাপ প্ল্যাটফর্মের সমন্বয়কারী ও বিডিজবস প্রধান ফাহিম মাসরুরের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রযুক্তি শিল্পের পক্ষ থেকে ২০টি পরামর্শ তুলে ধরেন প্রযুক্তি উদ্যোক্তা ফিদা হক এবং দিদারুল ভূঁইয়া।



Post Comment