রোজার আগেই ছোলার দাম চড়া
রমজান মাস শুরুর প্রায় দুই সপ্তাহ বাকি। এর মধ্যে ইফতারি পণ্য ছোলার দাম বেড়ে চলছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত বা অস্ট্রেলিয়ায় ছোলার বুকিং রেট বাড়তি থাকার কারণে আমদানিও বেশি দামে করতে হচ্ছে। তাই দেশের বাজারে পণ্যটির দাম বাড়ছে। ২০২১ সালের রমজানের আগে ছোলার কেজি ছিল ৬০ থেকে ৬২ টাকা, ২০২২ সালে ৭৪-৭৫ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। গত বছরের আগস্টে পাইকারি বাজার খাতুনগঞ্জে নিম্নমানের ছোলার কেজি ছিল ৭২ টাকা।
আর ভালো মানের ছোলা ছিল ৭৫ টাকা কেজি।
এরপর চলতি বছরের জানুয়ারির শেষের দিকে নিম্নমানের ছোলার কেজি ছিল ৭৮ টাকা, ভালো মানেরটা সর্বোচ্চ ৮৯ টাকা। গত ২২ ফেব্রুয়ারিতেই দাম ওঠে কেজিপ্রতি ৮০ থেকে ৯৩ টাকায়।

ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ছোলার চাহিদা বছরে দেড় লাখ টন। আমরা যদি বার্ষিক চাহিদা দুই লাখ টনও ধরি, তাহলে দেশে ছোলার ঘাটতি হওয়ার কথা নয়। এরই মধ্যে দেশে এক লাখ ৪০ হাজার টন ছোলা এসেছে। অনেক ছোলা পাইপলাইনে রয়েছে। এ ছাড়া গত বছরের আমদানি করা ছোলাও বাজারে আছে। তার মানে ছোলার ঘাটতি নেই।
ক্যাবের সহসভাপতি বলেন, ‘দাম কেন বাড়ছে, সেটার তদারকি করতে হবে। কারণ ব্যবসায়ীরা কত দামে পণ্যটি আমদানি করছেন, সেটার তথ্য সরকারের কাছে রয়েছে। তাঁরা ডলারের বাড়তি দামের অজুহাতে পণ্যটির দাম বাড়াচ্ছেন। বিষয়টি নজরদারিতে রাখা উচিত।



Post Comment