সুবর্ণচরে এক প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে কামাল উদ্দিন (৩৬) নামের এক প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে পরে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী কামাল উদ্দিনের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে একই এলাকার মৃত সফি উল্যার পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কামাল উদ্দিন মোটরসাইকেল নিয়ে স্থানীয় মালেকের দোকান এলাকায় তেল নেওয়ার জন্য আসে। এসময় পিছন থেকে তার ওপর হামলা চালায় মৃত সফি উল্যার ছেলে মাঈন উদ্দিন, রফিক, ইসমাইল ও রুহুল আমিনের ছেলে আবুল কালামসহ কয়েকজন। হামলাকারীরা কামালের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। ধারালো অস্ত্রের আঘাতে কামাল মাটিতে লুটে পড়লে হামলাকারী রফিক স্ক্রড্রাইভার দিয়ে কামালের চোখে আঘাত করে। কামালকে বাঁচাতে এগিয়ে আসলে কালু মিয়া নামের এক জনকেও কুপিয়ে আহত করে তারা। কামালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কামালকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় কাছে মারা যায় কামাল।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, হামলাকারীরা এলাকার চিহিৃত সন্ত্রাসী। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের অপকর্মের প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়। এ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব বিরোধের জেরে এ হামলা ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসমাইল ও আবুল কালাম নামের দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।



Post Comment