সুবর্ণচরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আবদুল জববার, সুবর্ণচর, (নোয়াখালী) প্রতিনিধ।

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরবাড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে হেদায়েত উল্লাহ ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া আক্তার (২১) ওই বাড়ির প্রবাসী জাহিদের স্ত্রী এবং একই ইউনিয়নের আনছার মিয়ার হাট এলাকার সাহাব উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ছুটে এসে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। শ্বশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও, মরদেহের পা দুটি ভাঁজ করা অবস্থায় খাটের সঙ্গে লাগানো দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে এটি পরিকল্পিত হত্যা।

কিছু স্থানীয় ব্যক্তি এ সময় ছবি ও ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব দেখে অনেকেই মনে করেন, ঘটনাটি আত্মহত্যা নয়, বরং এটি হত্যাকাণ্ডের আলামত হতে পারে।

নিহত রিয়ার একটি দুই বছরের কন্যাসন্তান রয়েছে। শ্বশুর হেদায়েত উল্লাহ ফারুক বলেন, “আমার প্রবাসী ছেলে জাহিদ ও রিয়ার মধ্যে সপ্তাহখানেক ধরে কোনো যোগাযোগ ছিল না। হয়তো অভিমানে রিয়া আত্মহত্যা করেছে।”

অন্যদিকে, রিয়ার বাবার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন নিজেদের দোষ লুকাতে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

চর জব্বার থানার ওসি শাহীন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল ও ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ