সুবর্ণচরে সাঁকো পারাপারের সময় পড়ে শিশুর মৃত্যু
মুজাহিদুল ইসলাম সোহেল ::
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের বাঁশের সাঁকো পারাপারের সময় পানিতে পড়ে রিফাত হোসেন(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিফাত চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনছার আলী বাড়ির পাশের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে খালে তার মৃতদেহ দেখতে পায়। পরিবারের সদস্যদের ধারণা খালের উপর সাঁকো পারাপারের সময় পা পিছলে খালে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।
চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আসাদুল হক জানান, নিহতের বাড়ি খালের পাড়ে হওয়ায় বাঁশের সাঁকো পেরিয়ে বাড়ি থেকে বের হতে হয়। রিফাত নিজেই সাঁকো পার হতে পারে। অতিবৃষ্টিতে সাঁকো ডুবে যাওয়ায় পারাপারের সময় পা পিছলে পড়ে সাঁকোর বাঁশের সাথে আটকে আর উঠতে পারেনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, কেউ এখনো জানাননি , খোঁজ নিয়ে তারপর বিস্তারিত বলা যাবে।



Post Comment