হলের পুকুরে ডুবে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুর থেকে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্ণবের মরদেহ উদ্ধার করেন শিক্ষার্থীরা।

তারা জানান, অর্ণব ও তার কয়েকজন বন্ধু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুকুরে গোসল করতে নামেন। সেই সময় হঠাৎ অর্ণব ডুবে যান। পরবর্তী সময়ে তাঁর নাম ধরে ডেকে টর্চ দিয়ে পুকুরে খোঁজ করতে থাকেন। এ সময় তাদের কোলাহল শুনে আশপাশের হল থেকে অন্য শিক্ষার্থীরা ছুটে আসেন। একপর্যায়ে পুকুরঘাটের পাশে পানির নিচে অর্ণবের মরদেহ খুঁজে পান এক শিক্ষার্থী।

চুয়েটের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাজেশ দেব বলেন, ওই শিক্ষার্থীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে আমরা সমস্ত যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত ছিলাম। সিপিআর (জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসাপদ্ধতি) দেওয়া হয়েছে। কিন্তু বেঁচে থাকার কোনো লক্ষণ খুঁজে পাইনি। বেশ কিছুক্ষণ পানির নিচে ছিল। তাই আগেই মারা গেছে।

পরবর্তী সময়ে অর্ণবকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মেয়াজ্জেম হোসাইন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখন বেঁচে নেই।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ