৬ বাংলাদেশি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

 অনলাইন ডেস্ক

সুদানের কাদুগলিতে জাতিসংঘের ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের মহাসচিবের পর এবার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আরব ও আফ্রিকান বিষয়ক মার্কিন সিনিয়র উপদেষ্টা মাসাদ বোলোস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে এই নিন্দা জানান।

তিনি বলেছেন,সুদানের কাদুগলিতে জাতিসংঘের ঘাঁটিতে শনিবারের এই হামলা ‘শান্তি ও নিরাপত্তা রক্ষার আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা’ দেখিয়েছে।

বোলোস দাবি করেন, যুদ্ধরত পক্ষগুলোর ‘জাতিসংঘের কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয়’। তিনি আরও আহ্বান জানান, তাদের ‘পূর্বশর্ত ছাড়াই শত্রুতা বন্ধ করতে হবে’ এবং ‘অবাধ মানবিক প্রবেশাধিকার’ প্রদান করতে হবে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাতের মধ্যেই এই হামলাটি ঘটল। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে ও বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিহত শান্তিরক্ষীরা আবেই-এর জন্য জাতিসংঘ অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) এর অংশ ছিলেন। এই বাহিনী সুদান ও দক্ষিণ সুদানের বিতর্কিত তেল সমৃদ্ধ সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

এর আগে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও এই হামলার নিন্দা জানিয়ে বলেছিলেন, এই ধরনের হামলা ‘অযৌক্তিক ও যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ