আবাদি জমি খননের দায়ে সিংড়ায় ৫০ হাজার টাকা জরিমানা
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই আবাদি কৃষিজমি খনন করে মাটি অপসারণের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মে) উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের অনুমোদন ছাড়াই কৃষিজমি খনন করে মাটি অপসারণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিশাত আনজুম। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫ অনুযায়ী অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি বলেন, কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে আবাদি জমি খননের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও মাটি অপসারণ কৃষি উৎপাদন এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার প্রবণতা বন্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


Post Comment