শরীয়তপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো. বোরহান উদ্দিন (৩১) নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মামলা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) শিশুটির বাবা ভেদরগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বোরহান উদ্দিন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকায় একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কাইচকুড়ি এলাকার ওই মাদ্রাসায় পড়াশোনা করত। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে শিশুটির সঙ্গে যৌন নির্যাতন করেন। বিষয়টি পরিবারের কাছে জানাজানি হলে শিশুটির বাবা থানায় মামলা করেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ