নোয়াখালীর সুবর্ণচরে জীপ গাড়ি ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জীপ গাড়ি ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম মো. অজিউল্যাহ (৫৫)। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউপির হাবিবিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আরোহী অজিউল্যাহ মোটরসাইকেল যোগে চরজব্বর-ষ্টীমারঘাট সড়ক হয়ে ভূঁইয়ারহাটের দিকে যাচ্ছিলেন। তিনি হাবিবিয়া সড়কের মাথায় অন্য একটি গাড়িকে অতিক্রম করে দ্রুত গতিতে সামনে এগিয়ে যাওয়ার সময় বিপরীত দিক হতে আসা একটি জীপগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে অজিউল্যাহ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর জীপগাড়িটি দ্রুত ওই স্থান ত্যাগ করায় গাড়িটি কেউ সনাক্ত করতে পারেনি ।

সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আবদুর রহমান বলেন, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ওই মোটরসাইকেল আরোহী একটি গাড়িকে দ্রুতগতিতে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁর মৃত্যু হয়।

ওসি মো. জিয়াউল হক বলেন, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে তার স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। তবে অন্ধকারে ধাক্কা দিয়ে গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করায় স্থানীয় কেউ শনাক্ত করতে পারেনি। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারও থানায় কোন অভিযোগ করেনি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ