জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ফল অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা ছিল লক্ষণীয়। পাশাপাশি নির্বাচনের ফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় তিনি ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচার থেকে ফল ঘোষণার পর পর্যন্ত জামায়াত আমিরের সংযত ও দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের শান্ত থাকার আহ্বান দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় দলটির গঠনমূলক সমর্থন ও সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ড. ইউনূস বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু সংকট, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো নানা বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ পরিস্থিতিতে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার ও বিরোধী দল উভয়ের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ ও রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে। নীতিগত আলোচনা, আইন প্রণয়নে পরামর্শ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা করেন।
জাতীয় ঐক্যের বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতেও দেশের স্বার্থে ঐক্য জোরদারে সবাইকে ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।



Post Comment