নোয়াখালীতে বৃষ্টি জন্য খোলা মাঠে প্রার্থনা
মুজাহিদুল ইসলাম সোহেল::
বিগত ২৪ বছরেও এ অঞ্চলের মানুষ এমন তাপদাহ দেখেনি, ছয় ঋতুর এদেশে উষ্ণ আর তাপদাহে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে এমনটাই বলছেন নোয়াখালীর মাইজদী শহরের বাসিন্দা আব্দুল বারী বাবলু।
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিশেষ ইস্তিকফার নামাজ আদায় করে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন স্থানীয় মুসল্লিরা।
শনিবার (২২মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল সংলগ্ন আল ফালাহ এরিয়া মসজিদ প্রাঙ্গণ মাঠে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়।
এ সময় মাইজদী জামে মসজিদ, কানু গাজী জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও আল আমিন মসজিদ ও মাদরাসার দুইশতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করে।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাইজদী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইল।
স্থানীয়রা জানায় , বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই নোয়াখালীর ৯টি উপজেলায়। অনাবৃষ্টির কারণে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। খরতাপে শুকিয়ে গেছে খালের পানি, নলকূপের পানি, পুকুরের পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয় বলে জানিয়েছে অংশগ্রহণকারী মুসল্লিরা।
উল্লেখ্য, কিছু দিন আগে পার্শ্ববর্তী ফেনী জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে কোথাও কোন বৃষ্টি হয়নি। তীব্র তাপদাহে এই উপজেলায় চরম ভাবে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যা অতীত ৩ যুগের মধ্যেও এমন ঘটনা ঘটেনি।



Post Comment