রামিসার ধর্ষকদের ফাঁসির দাবিতে চাটখিলে ছাত্রদলের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। একই সঙ্গে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় চাটখিল বাজারের আজিজ সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কে চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ ও সহিংসতার মতো জঘন্য অপরাধ সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। তারা শিশু রামিসার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, কেবল কঠোর শাস্তিই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, গোলাম আজম তুহিন, ফখরুল ইসলাম প্রান্ত, দেলোয়ার হোসেন, সৌরভ তফদার, মেহেদী হাসান বিজয়, মেহেদী হাসান হৃদয়, ফয়সাল ইসলাম সানি, বোরহান উদ্দিন, সাগর জাহিদসহ শতাধিক নেতাকর্মী।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


Post Comment