আনসার পদক পেলেন সুবর্ণচরের সন্তান মো. আব্দুর রহমান: সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি
নোয়াখালী প্রতিনিধি :
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “বাংলাদেশ আনসার পদক” পেলেন নোয়াখালীর সুবর্ণচরের কৃতি সন্তান মো. আব্দুর রহমান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত স্মারক ও আনসার বাহিনীর সংস্কার প্রস্তাবনা হস্তান্তর অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। গত বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে আনসার পদক, সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
পদকপ্রাপ্ত মো. আব্দুর রহমান নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবদুল মান্নানের ছেলে। তাঁর মা ফাতেমা বেগম একজন গৃহিণী।
আব্দুর রহমানের বড় ভাই আব্দুল হান্নান জানান, ২০২৫ সালের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহমান। ওই ঘটনায় সরকারি মূল্যবান সম্পদ রক্ষায় তিনি ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। দায়িত্ব পালনকালে একটি গ্যাস বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রতিবছর সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবার “বাংলাদেশ আনসার পদক”-এ ভূষিত হয়েছেন মো. আব্দুর রহমান।
আব্দুল হান্নান বলেন, “এ অর্জন শুধু আমার ভাইয়ের নয়, পুরো পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গর্বের। তাঁর এই সম্মান সুবর্ণচর তথা নোয়াখালীর মানুষের জন্যও গৌরবের বিষয়।”
এ বিষয়ে সুবর্ণচর মুক্ত রোভার স্কাউট ইউনিটের সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজ, অগ্নিনির্বাপণ, অপরাধ দমন এবং মানুষের নিরাপত্তায় সাহসিকতার সঙ্গে কাজ করা সত্যিই প্রশংসনীয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানো মানবিকতার বড় উদাহরণ। মো. আব্দুর রহমানকে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আনসার পদক প্রদান করায় আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানাই।”
স্থানীয়দের মতে, মো. আব্দুর রহমানের এ অর্জন তরুণ সমাজকে দেশসেবা ও মানবিক কাজে আরও উৎসাহিত করবে।


Post Comment