সুবর্ণচরে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার খাসের হাট রাস্তার মাথা এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পুরো মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল এলাকা।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বিজয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, এ কমিটির মাধ্যমে সুবর্ণচরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, ত্যাগী ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, “নতুন কমিটির নেতারা দক্ষ ও বিচক্ষণ। সবাইকে একসঙ্গে রাখা সম্ভব না হলেও ত্যাগীদের মূল্যায়ন করে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। তাদের নেতৃত্বে সংগঠনের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
এনায়েত উল্লাহ বাবুল বলেন, “দলের গঠনতন্ত্র অনুযায়ী যোগ্য নেতৃত্বকে সামনে এনে কমিটি গঠন করা হয়েছে। সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
নবনিযুক্ত আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা হবে।”
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জামাল উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল আরিফকে সদস্য সচিব করা হয়েছে।
নতুন কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



Post Comment