সুবর্ণচরে ফ্যামিলি কার্ডের পণ্য গুদামজাত করায় প্রতিষ্ঠানে জরিমানা ও মালামাল জব্দ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::
নোয়াখালী সুবর্ণচরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)’র ফ্যামিলি কার্ডের পণ্য গুদামজাত করায় এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা একই সাথে মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি।
জরিমানাকৃত ওই প্রতিষ্ঠানের নাম মেসার্স আলমগীর স্টোর। উপজেলার চরবাটা ইউনিয়নের দুলাল মিয়ার হাটের টিসিবি’র পণ্যের ঠিকাদারী প্রতিষ্ঠান।
বুধবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে চরবাটা ইউনিয়নের দুলাল মিয়ার হাট রাস্তার মাথায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে সহযোগিতা করে চরজব্বার থানা পুলিশ।
মেসার্স আলমগীর স্টোরের মালিক মোঃ আলমগীর জানান, আমি চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আমার ওয়ার্ডের ৫৯ জন মানুষের টিসিবি’র ফ্যামিলি কার্ড দিয়ে আজ (বুধবার)বিকেলে টিসিবি’র গাড়ি থেকে এই পণ্য সংগ্রহ করি।
তিনি আরো বলেন, জেলা শহরের খাজা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান টিসিবি’র ঠিকাদার । তাদের পণ্যের গাড়ি জেলা শহর থেকে আসলে এক বাজারে ১০-১৫ মিনিট থাকে এতে করে সবাই পণ্য নিতে পারে না। তাদের কার্ড দিয়ে সংগ্রহকৃত মালামাল গুলো আমার দোকানের রাখা হয়। এখানকার মানুষ কৃষি বান্ধব হওয়ায় দিনের বেলা মাঠে কাজ করে। সন্ধ্যার সময় তারা তাদের ফ্যামিলি কার্ড অনুযায়ী নিজেদের মত করে ওই মালামাল নিয়ে যাবে। তবে সন্ধ্যা থেকে অনেকে এই ফ্যামিলি কার্ডের মাল নিয়ে গেছে। হঠাৎ এই অভিযান পরিচালনা করায় আমি মোটেও কাম্য না।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৫৯ জন ফ্যামিলি কার্ডের টিসিবির মালামাল জব্দ করে একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মালামাল গুলো যাদের ফ্যামিলি কার্ড আছে তাদের মধ্যে বৃহস্পতিবার বিতরণ করা হবে।



Post Comment