একতরফা কমিটি বাতিলের দাবিতে নোয়াখালী জেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবুর নেতৃত্বে আংশিক কমিটি থেকে একাধিক নেতা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, মো. ওয়াসিম, তারেক নুর, ইয়াসিন আরাফাত শুভ, হাবিবুর রহমান হাবিব; সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন; পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব; সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি; যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ রিজভী; কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক আফরাতুল কাউসার; সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সুজন হাম্মাদি এবং আরিফুল হক হৃদয়সহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে বলেও তারা দাবি করেন। এতে সংগঠনের অভ্যন্তরে বিভাজন তৈরি হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।
তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে সকলের অংশগ্রহণের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায়, কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতারা।



Post Comment